তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা তাদের শিরোপা ধরে রাখার মিশন শুরু করতে যাচ্ছে আলজেরিয়া, অস্ট্রিয়া এবং জর্ডানের বিপক্ষে। গ্রুপ 'জে'-তে এই দলগুলোর মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়নরা।
লিওনেল মেসি ও আর্জেন্টিনা এখন দীর্ঘ ছয় দশকের ইতিহাসে প্রথম দল হিসেবে টানা দু’বার বিশ্বকাপ জয়ের কীর্তি গড়ার লক্ষ্য নিয়ে মাঠে নামছে।
তবে গ্রুপ 'জে'-তে তাদের প্রতিপক্ষদেরও রয়েছে নিজস্ব পরিকল্পনা। দীর্ঘ বিরতির পর বিশ্বমঞ্চে ফিরছে আলজেরিয়া ও অস্ট্রিয়া। অন্যদিকে, ৪৮ দলের বর্ধিত এই টুর্নামেন্টে প্রথমবারের মতো অভিষেক হতে যাচ্ছে জর্ডানের।
টানা দ্বিতীয়বার বিশ্বকাপ শিরোপা জয় ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা বিতর্কে মেসিকে পেলে বা দিয়েগো ম্যারাডোনার চেয়ে এক ধাপ এগিয়ে দিতে পারে। তবে এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত মেসি টুর্নামেন্টে খেলার ব্যাপারে চূড়ান্ত কোনো প্রতিশ্রুতি দেননি।
২০২২ সালের রোমাঞ্চকর ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে শিরোপা জিতেছিল আলবিসেলেস্তেরা। ১৯৫৮ সালে পেলের নেতৃত্বে এবং ১৯৬২ সালে (যেখানে ইনজুরির কারণে পেলে অধিকাংশ ম্যাচ মিস করেছিলেন) ব্রাজিল টানা দু’বার বিশ্বকাপ জিতেছিল। এরপর আর কোনো পুরুষ দল টানা দু’বার চ্যাম্পিয়ন হতে পারেনি।

স্পোর্টস ডেস্ক 

















