ব্যাট হাতে অনবদ্য সেঞ্চুরি হাঁকালেন নাজমুল হোসেন শান্ত। এরপর বল হাতে ঝলক দেখালেন চোট কাটিয়ে দলে ফেরা মুস্তাফিজুর রহমান। এই বাঁহাতি পেসার তুলে নিলেন পাঁচ উইকেট। তাতে নিউজিল্যান্ডকে ৫৫ রানে হারিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতল মেহেদি হাসান মিরাজের দল।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সিরিজ নির্ধারণী ওয়ানডেতে বাংলাদেশের দেয়া ২৬৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৪৪.৫ ওভারে ২১০ রানে অলআউট নিউজিল্যান্ড। এ নিয়ে ঘরের মাঠে টানা তৃতীয় সিরিজ জিতল বাংলাদেশ। কিউইদের আগে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের বিপক্ষেও সিরিজ জিতেছিল টাইগাররা।
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশের দেয়া চ্যালেঞ্জিং লক্ষ্যে ব্যাট করতে নেমে দলীয় ৮ রানের মাথায় মুস্তাফিজের শিকার হয়ে সাজঘরে ফেরেন কিউই ওপেনার হেনরি নিকোলস। বিদায়ের আগে এই বাঁহাতি ব্যাটার ১০ বলে ১ বাউন্ডারিতে মাত্র ৪ রান করেন।
এরপর দ্বিতীয় উইকেটে ৪৬ রানের জুটি গড়ে খেলায় গতি ফেরান নিক কেলি এবং উইল ইয়াং। ইয়াংকে ফিরিয়ে এই জুটি ভাঙেন নাহিদ রানা । তার করা অফ স্টাম্পের বাইরের লেংথ বলে খোঁচা দিতে গিয়ে উইকেটের পেছনে লিটন দাসের হাতে ক্যাচ দিয়েছেন ইয়াং। ২৫ বলে ২ বাউন্ডারিতে ১৯ রান করেন তিনি।
৫৪ রানে ২ উইকেটে হারানোর পর বড় দায়িত্ব ছিল টম ল্যাথামের কাঁধে। কিন্তু উল্টো দলের বিপদ বাড়িয়েছেন অধিনায়ক। ইনিংসের ১৭তম ওভারের পঞ্চম বলটি মিডল স্টাম্পের ওপর করেছিলেন মিরাজ, সেখানে সুইপ করতে গিয়ে টপ এজ হয়ে বল চলে যায় শর্ট ফাইন লেগে দাঁড়িয়ে থাকা শরিফুলের হাতে। ১৩ বলে ৫ রান করেছেন ল্যাথাম।
চতুর্থ উইকেটে মোহাম্মদ আব্বাসকে নিয়ে ৪৭ রানের জুটি গড়েন কেলি। এর মধ্যেই টানা দ্বিতীয় ম্যাচে ফিফটির দেখা পান কেলি। তবে এই ব্যাটার নিজের উইকেটটা বিলিয়ে দিয়ে এসেছেন মুস্তাফিজের স্লোয়ারে কাট করতে গিয়ে কাভারে থাকা তানজিদ হাসান তামিমের হাতে ক্যাচ দিয়ে। এই ব্যাটার করেন ৫৯ রান।
ভালো শুরু করা আব্বাসকে বোল্ড করেন শরিফুল। ৩৬ বলে ২৫ রান করেছেন তিনি। তাতে ১২৪ রানে পঞ্চম উইকেট হারিয়ে ম্যাচ থেকে অনেকটাই দূরে সরে যায় কিউইরা। এরপর ডিন ফক্সকর্ফট ছাড়া আর কেউ দাঁড়াতেই পারেননি। তার ৭২ বলে ৭ ছক্কায় ৭৫ রানের ইনিংস কেবলই হারের ব্যবধান কমিয়েছে।

স্পোর্টস ডেস্ক 













