পাকিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করবে কিনা তা জানা যাবে আগামী ২ ফেব্রুয়ারি। তবে এর পক্ষে-বিপক্ষে অবস্থান নিয়ে দ্বিধাবিভক্ত হয়ে পড়েছে পাকিস্তানের ক্রিকেটাঙ্গন। মহসিন নাকভির নেতৃত্বাধীন বোর্ডকে অবশ্য সমর্থন দিচ্ছেন জাতীয় দলের বর্তমান খেলোয়াড়রা। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সাবেক চেয়ারম্যান নাজম শেঠিও সমর্থন দিচ্ছেন বর্তমান বোর্ডের সিদ্ধান্তকে। এবার সরাসরি বয়কটের পক্ষেই মত দিয়েছেন পিসিবির আরেক সাবেক প্রধান।
পিসিবির সাবেক চেয়ারম্যান খালিদ মাহমুদ মঙ্গলবার (২৭ জানুয়ারি) জানিয়েছেন, বাংলাদেশের বাদ পড়ার প্রেক্ষিতে পাকিস্তানের উচিত আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করা।
ভারতে অনুষ্ঠিতব্য ২০ দলের টি–টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে এক মাসেরও কম সময় বাকি থাকতেই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) নিশ্চিত করে যে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করা হয়েছে। নিরাপত্তা উদ্বেগের কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভারতে দল পাঠাতে অস্বীকৃতি জানিয়েছিল।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, যদি পাকিস্তান জাতীয় দল এই মেগা ইভেন্ট থেকে সরে দাঁড়ায়, তাহলে পিসিবিকে গুরুতর আর্থিক ও ক্রীড়াগত ক্ষতির মুখে পড়তে হতে পারে। প্রতিবেদনে আরও দাবি করা হয়, আইসিসির অন্দরমহলে পাকিস্তানের অবস্থানকে পুরোপুরি সরে যাওয়ার সিদ্ধান্ত না ভেবে বরং চাপ প্রয়োগের কৌশল হিসেবে দেখা হচ্ছে।
আরও বিস্তারিত সময় নিউজ

জনকাল ডেস্ক 
















